টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন

টাঙ্গাইল শহরের অবহেলিত বস্তি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে International Youth Change Maker (IYCM) টাঙ্গাইল জেলা শাখা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-3: সুস্বাস্থ্য ও কল্যাণ) বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১০০ জন শিশু, নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি ভিটামিন, ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় ও মূল্যবান ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. শামীম আল-মামুন, মেডিকেল অফিসার, Tangail Medical College and Hospital; এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)।

শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। চিকিৎসা শেষে তাদের মাঝে পুষ্টিকর খাবার ও চকলেট বিতরণ করা হয়। এছাড়া দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ী শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ—বই, খাতা, ডায়েরি, কলম, পেন্সিল, রাবার ও শার্পনার পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

IYCM টাঙ্গাইল জেলা শাখার জেনারেল সেক্রেটারি তাঁর বক্তব্যে বলেন,
“স্বাস্থ্য কোনো দয়া নয়—এটি একটি সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার। আমরা এই মেডিকেল ক্যাম্পকে সাময়িক কর্মসূচি হিসেবে দেখি না; এটি একটি নীতিভিত্তিক ও কাঠামোগত সামাজিক আন্দোলনের সূচনা। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা প্রদান নয়—রোগীদের ধারাবাহিক ফলোআপ নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকারকে প্রাতিষ্ঠানিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলায় তরুণরা দায়িত্বশীলভাবে সংগঠিত হলে একটি স্বাস্থ্যসম্মত, জবাবদিহিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন IYCM টাঙ্গাইল জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার শিলা জামান বৃষ্টি, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ সিফাত ইসলাম, এডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইন সেক্রেটারি আসিম কর্মকার অর্নব, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর মোহাম্মদ মাহিনুর ইসলাম, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড রাইটস প্রজেক্ট লিড নাদিয়া জাহান রিয়া, ক্লাইমেট প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট লিড ইসরাত জাহান ইতি, অ্যাসিস্ট্যান্ট ক্লাইমেট প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট লিড তালুকদার ইসমাত জাহান, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ শরীফ হাসান, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট সেক্রেটারি কাজী মাসুদা মাহরিন এবং পাবলিক স্পিকিং অ্যান্ড রিলেশনশিপ সেক্রেটারি লুৎফা আক্তার চৈতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী।

জেলা ও জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, International Youth Change Maker শুধু একটি সংগঠন নয়; এটি সচেতন ও দায়িত্বশীল যুবশক্তির প্রতীক। ভবিষ্যতেও জেলা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জনস্বাস্থ্য ও সামাজিক ন্যায়ের পক্ষে ধারাবাহিক, নীতিনির্ভর ও টেকসই কার্যক্রম অব্যাহত থাকবে।