জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে, আর এই সচেতনতা ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়া যায়। এ লক্ষ্যেই ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতা মূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়।
এই ক্যাম্পেইনে শিশুদের পরিবেশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে, এগুলো পরিত্যাগ করার গুরুত্ব বোঝানো হয়। পাশাপাশি, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
শুধু পরিবেশ সংরক্ষণ নয়, ছোটবেলা থেকেই একজন দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে কীভাবে গড়ে উঠতে হয়, সে বিষয়েও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে অনুপ্রাণিত হবে।